নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে হওয়া ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
বিগত ওয়ান ইলেভেনের সময় যাচাই-বাছাই ছাড়াই সরকারের একটি বিশেষ সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘বিরাট ভুল’ করার কথা এক টক শোতে স্বীকার করেন মাহফুজ আনাম। তখন দেশের দুই প্রধান দল বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে ৮৩টি মামলা দায়ের করেন। এসব মামলার ১৭টি রাষ্ট্রদ্রোহ ও বাকিগুলো মানহানির অভিযোগে করা হয়েছে। এর মধ্যে সিলেটে করা একটি মামলা নিম্ন আদালতেই খারিজ হয়ে যায়। বাকি মামলার কাগজপত্র এখনো পাননি বলে জানান মাহফুজ আনামের আইনজীবীরা। কাগজপত্র পেলে সেসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা।
এর আগে হাইকোর্ট থেকে গত ৩ মার্চ ৬৬ মামলায় মাহফুজ আনামকে জামিন দেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের জন্য তাকে জামিন দেন।

Be the first to comment on "মাহফুজ আনামের ৭২ মামলা স্থগিত"