শিরোনাম

মুলারের জোড়া গোলে বড় জয় জার্মানির

নিউজ ডেস্ক : জোয়াকিম লো’র নিশ্চয়ই মনে পড়ছিল ২০০৭ সালের কথা। ইয়ুর্গেন ক্লিন্সম্যানের কাছ থেকে জার্মান দলের দায়িত্ব নেওয়ার পর খুব বেশি দিন হয়নি। চেক প্রজাতন্ত্রের সঙ্গে নিজেদের মাঠেই একটি ম্যাচে ৩-০ গোলে হেরেছিল জার্মানি।
সেই চেক প্রজাতন্ত্রকেই নয় বছর পর বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’র ম্যাচ খেলতে জার্মানিতে পা রাখার পর বেশ অসহায়ই দেখাল। নয় বছর আগের ফল তো নয়ই, ন্যূনতম লড়াইও করতে পারল না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে। হামবুর্গে ৩-০ গোলের জয়ে বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে জার্মানরা।
জার্মানির পক্ষে জোড়া গোল করেছেন টমাস মুলার। একটি গোল টনি ক্রুসের। বেশির ভাগ সময় আধিপত্য বিস্তার করে খেলা জার্মানি এই ম্যাচে পেতে পারত আরও বড় জয়ই।
খেলার ১৩ মিনিটের মাথাতেই ১-০ গোলে এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে মারিও গোটশে দ্রুতগতিতে বল নিয়ে ঢুকে চেক প্রজাতন্ত্রের গোলমুখে যে ক্রসটি ফেলেন, তা থেকে গোল করেন মুলার। মুলারের পায়ে বল যাওয়ার আগে তা অবশ্য একবার মেসুত ওজিলের পায়ের স্পর্শ নিয়ে এসেছিল। মুলারের শটটি অবশ্য চেক প্রজাতন্ত্রের একজন রক্ষণভাগের খেলোয়াড়ের শরীরে লেগে দিক পরিবর্তন করে গোলকিপারকে বোকা বানায়।
ওজিল, গোটশে, জুলিয়ান ড্রাক্সলার ও মুলাররা ব্যতিব্যস্তই রেখেছিলেন চেক প্রজাতন্ত্রের রক্ষণভাগকে। নিজেদের মধ্যে আদান-প্রদান করে বারবারই তাঁরা হানা দিচ্ছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগে। পূর্ণ আধিপত্য থাকলেও এক গোলে এগিয়ে থেকেই জার্মানি শেষ করে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানরা। ডান দিক দিয়ে কিমিচের বাড়ানো ক্রস থেকে গোল করেন টনি ক্রুস। ৬৫তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন মুলার। জোনাস হেক্টরের ক্রস থেকে পোস্টের খুব কাছ থেকে গোল করেন মুলার।
এদিকে, ‘ই’ গ্রুপের ম্যাচে রবার্ট লেভানডোফস্কির হ্যাটট্রিকে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ড। সূত্র: রয়টার্স।

basic-bank

Be the first to comment on "মুলারের জোড়া গোলে বড় জয় জার্মানির"

Leave a comment

Your email address will not be published.


*