নিউজ ডেস্ক : আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে ধর্মঘট ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে যান চলাচল স্বাভাবিক রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি আহ্বানকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এ ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত। এ রায়ের পর খুলনা বিভাগের ১১টি জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা। দুই দিন পর খুলনার অভ্যন্তরীণ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই মঙ্গলবার থেকে টানা ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এ ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনে বলা হয়, আদালতের রায়ের প্রতিবাদে ধর্মঘট পালন বেআইনি। এটি আদালত অবমাননারও শামিল। আদালতের রায়ে কেউ সংক্ষুব্ধ হলে তার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। উচ্চ আদালত যদি মনে করে নিম্ন আদালতের রায় যথাযথ হয়নি, তাহলে আদালত ওই রায় পরিবর্তন করে যেকোনো আদেশ দিতে পারে। কিন্তু এভাবে ধর্মঘট করে আদালতের রায় পরিবর্তন করা যায় না।

Be the first to comment on "যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ হাইকোর্টের"