নিউজ ডেস্ক : এদিকে অবকাশ ছুটি শেষে রবিবার থেকেই সর্বোচ্চ আদালত হবে সরগরম। দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীমকোর্ট সাপ্তাহিক ছুটি, ঈদ-উল-আযহা, দূর্গাপূজাসহ সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রবিবার খুলছে। দীর্ঘ ৫১ দিন পর আগামীকাল সুপ্রীমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারো মুখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট অঙ্গন। এদিকে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ২৮টি বেঞ্চ পুর্নগঠন করা হয়েছে। এ বিষয়ে জারি করা একটি বিজ্ঞপ্তি সুপ্রীমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠনে নতুন ১৫ বিচারপতিকে দ্বৈত বেঞ্চের নেতৃত্ব দেওয়া হয়েছে এবং ১৩ বিচারপতিকে একক বেঞ্চের ক্ষমতা দেওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদ-উল-আযহা, দূর্গাপূজাসহ সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়ামিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী বিষয় নিস্পত্তির জন্য সুপ্রীমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ ছিল। অবকাশকালীন ছুটি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এটর্নি জেনারেল, সুপ্রীমকোর্ট বার-এর সভাপতি-সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস কাল ৩০ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সুপ্রীমকোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাত হবে।

Be the first to comment on "রবিবার সুপ্রীমকোট খুলছে"