নিউজ ডেস্ক : টস জেতার সাথে ম্যাচ জেতার একটা সম্পর্ক থাকে। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে কিছুই যাচ্ছে না। টানা দ্বিতীয় ম্যাচে টস হারলেন মাশরাফি বিন মুর্তজা। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তাই এবারো আগে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংস টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লাকে।
গেল বিপিএলে মাশরাফির কুমিল্লা চ্যাম্পিয়ন হয়েছিল। একটা ক্রেজ ছিল। কিন্তু এবার টানা ৫ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারা দল কেবল মাশরাফিরাই জয়ের জন্য মাথা কুটে মরছেন তারা। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। চট্টগ্রামে শুক্রবার ধীর ব্যাটিংয়ের কারণে হারতে হয়েছে। রংপুর রাইডার্স ম্যাচটা জিতেছে ৯ উইকেটে। এবার? শনিবার আবারো আগে ব্যাটিং কুমিল্লার।
ড্যারেন স্যামি নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী কিংসকে। সাব্বির রহমান বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ১২২ রানের ইনিংসটা খেলেছেন এক ম্যাচ আগেই। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। গতকাল তাদের হারিয়েই জয়ে ফিরেছে চিটাগং ভাইকিংস। টানা দুই ম্যাচ হেরে চাপেই রাজশাহী। তাদেরও জয়ে ফেরার তাগিদ খুব। পয়েন্ট টেবিলেও অবস্থান ভালো না। ৪ ম্যাচের তিনটিতে হেরেছে। ৭ দলের মধ্যে ষষ্ঠ তারা। সেই হিসেবে আপাত পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা ও তাদের সাথে শক্তির ব্যবধান তো সামান্যই।

Be the first to comment on "রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা"