নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাকবি মধুসূদন পদক ২০১৭ ভূষিত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সেয়দ মঞ্জুরুল ইসলামকে সার্চ কমিটির সদস্য করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তার মতো একজন অরাজনৈতিক ও যোগ্য ব্যক্তিকে সার্চ কমিটির ছয়জনের একজন করেছেন মহামান্য রাষ্ট্রপতি, এটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার বিষয়।
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকীতে আয়োজিত মধুমেলার ষষ্ঠ ও সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি উপস্থিতিদের উদ্দেশে বলেন, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি কখনোই আওয়ামী লীগ করেননি। তেমন একজন গুণী মানুষের সার্চ কমিটিতে উপস্থিতির বিষয়টি যারা প্রশ্নবিদ্ধ করছেন, তাদের ব্যাপারটা আমাদের ভাবতে হবে। অতীতে ক্ষমতায় থাকাকালে তারা সাংবিধানিক নানা পদে দলীয় লোক বসিয়েছিলেন বলে এখন সার্চ কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন তুলছেন।
সমাপনী দিনে মন্ত্রী মহাকবি মধুসূদন পদক ২০১৭ প্রাপ্ত দেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের হাতে এবং আরেক পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্বদ্যিালয়ের ইংরেজির অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের পদক ও সম্মাননাটি অপর কবি মারুফুল ইসলামের হাতে তুলে দেন।
রাষ্ট্রপতিকে ওবায়দুল কাদেরের ধন্যবাদ

Be the first to comment on "রাষ্ট্রপতিকে ওবায়দুল কাদেরের ধন্যবাদ"