শিরোনাম

সদ্যপ্রয়াত মাকে নিয়ে চন্দনের নতুন গান ‘মা জননী’

নিউজ ডেস্ক : ‘কেন ভাবছ তুমি
আমিতো তোমার পাশেই আছি মা জননী
কেন কাঁদছ তুমি
আমিতো তোমার কাছেই আছি মা জননী’

উপরি-উক্ত কথাগুলি সকলের প্রিয় কানাডাপ্রবাসী জনপ্রিয় ব্যান্ড ‘উইনিং’ এর চন্দন জামান আলীর (যিনি চন্দন নামেই সমধিক পরিচিত) নতুন গানের। সদ্যপ্রয়াত মাকে নিয়ে ‘মা জননী’ শিরোনামে তিনি গেয়েছেন এই আবেগমাখা গানটি।

গত নভেম্বরে মাকে হারান তিনি। মাকে শেষবার দেখতে ছুটে আসেন দেশে। মায়ের প্রতি ভালোবাসা রেখে মা যখন অসুস্থ তখন তার ভাই ডা. সোহাগ (উই্নিং এর অন্যতম জনপ্রিয় গান ‘ওগো সোনার মেয়ে’র গীতিকার) গত ২৬/১০/১৬ তারিখে একটি গান লিখে তাকে পাঠান। গানটি ‘আশিক মিউজিক’ এর ব্যানারে পুরাতন ২৪ জন ব্যান্ড তারকার মিক্সড অ্যালবামে অডিও আকারে বাজারে আসছে।

এই প্রসঙ্গে পুরনো দিনের বাংলা মিউজিক নিয়ে কাজ করা ফেসবুক-ভিত্তিক পেইজ আশিক মিউজিকের কর্ণধার গওহর আশিক জানান, “২৪ ব্যান্ড তারকার সব নতুন গান এই অ্যালবামে থাকছে। চন্দন ভাই এতটাই দরদ দিয়ে গানটি গেয়েছেন যে, এটি তার জীবনের অন্যতম সেরা একটি গান হিসাবে শ্রোতারা পছন্দ করবেন। ”

কালের কণ্ঠের পক্ষ থেকে এই তারকা কণ্ঠশিল্পীর কাছে গানটির ব্যাপারে জানতে চাইলে তিনিও বলেন, “সবার কাছেই মা-বাবা হারানোটা অনেক কষ্টের। আমিও আমার সেরাটা দেবার চেষ্টা করেছি। মা’কে তো আর ফিরে পাব না, এখন আমার এই গান শুনে যাদের মা নেই তারা যদি তাদের মা’কে নতুন করে এই গানের মধ্যে খুঁজে পান তাহলেই আমার সার্থকতা। ” গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন চন্দন নিজেই।

আশিক মিউজিকের আশিক বলছিলেন, “গানটি কানাডাতে চন্দন ভাই তার নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং করে পাঠিয়েছেন। এমন একটি গান অ্যালবামে থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমি সেই ভাগ্যবান। অচিরেই ২ অডিও সিডিতে ২৪ জন জনপ্রিয় শিল্পীর ২৪টি নতুন গানের এই অ্যালবাম বাজারে আসছে। ৭৫% কাজ ইতিমধ্যেই শেষ করতে পেরেছি আমরা। কোনো স্পন্সর না পাওয়ায় নিজেদের চেষ্টাতে এগিয়ে চলেছে অ্যালবামের কাজ। অ্যালবামের সকল শিল্পী তাদের শত ব্যস্ততার ভেতরে নিজের সেরাটা দেবার চেষ্টা করে যাচ্ছেন অনেকদিন পর শ্রোতাদের কাছে নিজের গানটি পৌঁছানোর জন্য। ”

“মা জননী গানটি করার সময় বারবার মায়ের কথা মনে পড়ায় অনেক কেঁদেছি, এখন আর কাঁদতে চাই না। আশিক মিউজিকের কর্ণধার আশিক আমার প্রিয় ছোটভাই। আমি আশা করছি পুরনোদের নিয়ে ওর এই উদ্যোগ সফলতার মুখ দেখবে। ”- এই কথাগুলি প্রতিবেদককে বলতে বলতে চন্দন ভাই আর নিজেকে সামলাতে পারেননি।

প্রিয় শিল্পী, আমরাও আপনার এই বেদনাকে অনুভব করতে পারি। হাজারো, লাখো বাঙালির মুখে আর অন্তরে ছড়িয়ে যাক আপনার এই মায়ের প্রতি ভালোবাসা। আমরাও অপেক্ষায় আছি আপনার ‘মা জননী’ গানটি শোনার।

basic-bank

Be the first to comment on "সদ্যপ্রয়াত মাকে নিয়ে চন্দনের নতুন গান ‘মা জননী’"

Leave a comment

Your email address will not be published.


*