নিউজ ডেস্ক : ক্লাস রুটিনে প্রধান শিক্ষককে ক্লাস দেওয়ায় সহকারী শিক্ষককে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক অহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর উপজেলার দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে রুহিয়া থানার পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
২৩ জানুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ভবানন্দ পাল ওই বিদ্যালয়ের ক্লাস রুটিন তৈরি ও বিভিন্ন শিক্ষকের কর্ম বণ্টন করেন।
প্রধান শিক্ষক অহিদুল হককে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইংরেজি ক্লাস দেওয়া হয়। প্রধান শিক্ষক কোনোদিন কোনো ক্লাস নেন না। তাকে ক্লাস দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রুটিন প্রস্তুতকারী বিএসসি শিক্ষক ভবানন্দ পালকে শার্টের কলার ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
এ সময় সহকারী শিক্ষক আব্দুল বাতেন, আনন্দ শর্মা, নজরুল ইসলাম ও ক্লার্ক মখলেসুর রহমান ও দুলাল প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে মাফলার দিয়ে ভবানন্দ পালকে একটি গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তার চিৎকার শুনে ছুটে এসে উত্তেজিত শিক্ষকদের কাছে থেকে বিএসসি শিক্ষককে উদ্ধার করে এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেই থেকে শিক্ষক ভবানন্দ পাল হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, শুক্রবার ভবানন্দ পালের স্ত্রী গীতা বাদী হয়ে প্রধান শিক্ষক সহ ৫ শিক্ষককে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রুহিয়া থানার এসআই তসির উদ্দীন প্রধান শিক্ষক অহিদুল হককে গ্রেপ্তার করে।
রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Be the first to comment on "সহকারী শিক্ষককে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার"