নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা আক্তারের ওপর হামলাকারীর ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আজ সোমবার ভোরে উপজেলার রসুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন (৩৫) ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। রসুলপুর গ্রামে রবিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় স্থানীয় ইছামতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমাকে। ঝুমা রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে। ঝুমার মায়ের অভিযোগ, আটক নাসির উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিন (২২) ঝুমার উপর হামলা চালিয়েছেন।
বাহার তিন বছর ধরে ঝুমাকে উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে ঝুমা রাজি না হওয়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে। হাসপাতালের চিকিৎসক মাসুদ হোসেন জানান, ঝুমার বাম হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অন্ত্রোপাচারের পর ঝুমা এখন আশঙ্কামুক্ত। তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া প্রয়োজন বলে জানান চিকিৎসক মাসুদ।
ওসি হাবিবুর বলেন, হামলার পর থেকে বাহার পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার বড় ভাই নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। আর আহত ঝুমার স্বজনরা এখনও থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে। ঝুমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Be the first to comment on "সিলেটে কলেজ ছাত্রীর ওপর হামলাকারীর ভাই আটক"