নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের অ্যানেক্স (অতিরিক্ত) ভবনের মূল গেট থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে আদালত অঙ্গনে নিয়োজিত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই ব্যক্তির নাম কানু (৩৩)। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।
আদালতের ভেতরে প্রবেশ করার সময় সন্দেহ হলে কানুর দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে বেশ কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়।
কানু নিজেকে কিশোরগঞ্জ জেলা বারের এক আইনজীবীর সহকারি হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে নিজেকে সুপ্রিমকোর্টের আইটি শাখায় কর্মরত অর্জুন নামে এক নারীর স্বামী বলেও দাবি করেন কানু। কানুর বাবার নাম চিত্ত্ব রঞ্জন। তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি থানায়।
ঘটনার দশ মিনিট পর সুপ্রিমকোর্টে অবস্থিত পুলিশের সাব কন্ট্রোল রুম থেকে কানুকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

Be the first to comment on "সুপ্রিমকোর্ট থেকে ইয়াবাসহ একজন আটক"