শিরোনাম

৩ দিন তিনঘণ্টা কর্মবিরতি ঘোষণা সাংবাদিক নেতাদের

নিউজ ডেস্ক : আগামী ১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি না মানা ‍হলে ১৯, ২০ ও ২১ মার্চ তিনঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

পূর্বঘোষিত রাস্তা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংবাদিক নেতারা।

এ সময় বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, এ সময়ের মধ্যে কোনো সমাধান না আসলে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারক নিয়ে মিছিল করা হবে। আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো আশ্বাস না পেলে, ওই দিনই সচিবালয় ঘেরাও করা হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় আহত সাংবাদিকদের ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে মালিকদের। এটাও আমাদের দাবি। যে সব পত্রিকা মাসের পর মাস বেতন দেয় না, তাদের অতি দ্রুত বেতন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এছাড়া সাংবাদিক সাগর-রুনি, দীপংঙ্কর চক্রবর্তী, মানিক সাহা, হারুনুর-রশিদ, সাইফুল আলম মুকুল হত্যার সঠিক বিচারের দাবিও জানান এ সাংবাদিক নেতা।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা। সরকার রাষ্ট্রের তিন স্তম্ভের বেতন বাড়িয়েছেন, কিন্তু সাংবাদিকদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার পরেও তা বাস্তবায়ন হচ্ছে না। ওয়েজ বোর্ড না দিয়ে আগেও কেউ রেহাই পায়নি। বর্তমান তথ্যমন্ত্রীও রেহাই পাবে না।

তিনি বলেন, সাংবাদিকরা না খেয়ে থাকলে, বাচ্চাদের ভালোভাবে না রাখতে পারলে দেশের গণতন্ত্র দুর্বল হয়ে যাবে। কেউ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারবে না।

এ সময় দৈনিক জনকণ্ঠ ও বর্তমান পত্রিকার বেতন বন্ধের সমালোচনা করে তিনি বলেন, দৈনিক জনকণ্ঠ ও বর্তমান পত্রিকার বেতন বন্ধ রয়েছে। এছাড়া দৈনিক মানবকণ্ঠে কোনো নোটিশ ছাড়া চাকরিচ্যুতি বন্ধেরও আহ্বান জানান তিনি।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাংবাদিক সাগর-রুনির হত্যা প্রসঙ্গে বলেন, ২১ মার্চ তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দিলে সাংবাদিক সমাজ আবার রাস্তায় নেমে আসবে।

সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালীন নোমানীসহ সাংবাদিক নেতারা।

basic-bank

Be the first to comment on "৩ দিন তিনঘণ্টা কর্মবিরতি ঘোষণা সাংবাদিক নেতাদের"

Leave a comment

Your email address will not be published.


*