নিউজ ডেস্ক : ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টা থেকে ওই রুটে তীব্র কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়।
পরে সকাল সোয়া ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ও দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে প্রায় এক হাজার যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
সূত্র মতে, ভোর সাড়ে ৫টা থেকে কুয়াশার কারণে ১৪টি চলাচলরত ফেরির মধ্যে সাতটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। বাকি সাতটি ফেরি ঘাট দুটিতে নোঙর করে থাকে। এ সময় ফেরি পারের জন্য আসা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগ পড়েন।
পরে সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল শুরু করা হলেও অল্প সময়ের ব্যবধানে আবারো কুয়াশায় অবরুদ্ধ হয়ে পড়ে পদ্মার এই নৌ চলাচল রুটটি। তা অব্যাহত থাকে সোয়া ১০টা পর্যন্ত।
ফেরি সেক্টরের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় এক হাজার বিভিন্ন ধরনের যানবাহন। এতে যানজটের সৃষ্টি হয়েছে।

Be the first to comment on "৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক"