শিরোনাম

বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট সোমবার

নিউজ ডেস্ক : আগামী ৯ মে সোমবার বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহবান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের নেতারা।

গাড়ি রিক্যুইজেশনের নামে পুলিশী হয়রানী টোকেন বাণিজ্য বন্ধসহ ৬ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র বিরুদ্ধে আনরেজিস্ট্রিট সিএনজি অটোরিকশা চলাচলে আদালতের রায়ের অবমাননার অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা পুলিশী হয়রানী এবং টোকেন বাণিজ্য বন্ধসহ ছয় দফা দাবি আগামী ১ মাসের মধ্যে মেনে নেওয়া না হলে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হবে বলে হুঁসিয়ারী করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ২৫ এপ্রিল নগরীতে অনিবন্ধিত সিএনজি চলাচলে কোনো ধরনের বাধা কিংবা হস্তক্ষেপ না করার জন্য সিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন উচ্চ আদালত। তবে সিএমপি কর্তৃপক্ষের তালবাহানা, বৈঠকের কথা বলে সময় ক্ষেপনের ফলে ৪ মে বিকেল থেকে অটোরিকশা ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সিএনজি চালিত গাড়ি চলাচল শুরু করে। কিন্তু আদালতের সিদ্ধান্ত অবমাননা করে সিএমপি গত দু’দিনে বহু গাড়ি আটক করে প্রায় ৫০টি মামলা দিয়েছে। এরপরও আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংগঠনভুক্ত অনিবন্ধিত সিএনজি চালিত গাড়ি চলাচল অব্যাহত রেখেছি।’

তিনি বলেন, ‘বর্তমানে চার হাজার অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চালক রয়েছেন। তাদের পরিবারসহ কম করে হলেও ১৫-১৬ হাজার মানুষের দুঃসহ জীবন নিয়ে আমরা মাসের পর মাস চুপ করে থাকতে পারি না। চালকরা বিভিন্ন উৎস থেকে ধার-দেনা করে গাড়িগুলো কিনেছেন। ফলে ঋণদাতার কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে অনেক চালক পালিয়ে বেড়াচ্ছেন। এই পরিস্থিতির দ্রুত অবসান না হলে আত্মহত্যার মতো অনাকাঙ্খিত ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

পুলিশি হয়রানি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে উল্লেখ করে বলেন, ‘পুলিশের নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজি বর্তমানে যে অবস্থায় চলে গেছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ অবস্থায় গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। ধর্মঘট আহ্বান ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের ফেডারেশনের আওতাভুক্ত ৪৩টি শ্রমিক সংগঠন রয়েছে। ধর্মঘটের সমর্থনে এসবের অন্তর্ভুক্ত সকল ধরনের গাড়ি চলাচল সোমবার বন্ধ থাকবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা হাজি রুহুল আমিন, রবিউল মাওলা, অলি আহমদ, মোহাম্মদ হারুন, আবদুস ছবুর প্রমুখ

basic-bank

Be the first to comment on "বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট সোমবার"

Leave a comment

Your email address will not be published.


*