শিরোনাম

জন্মদিনে ভালোবাসায় সিক্ত চিত্রশিল্পী হাশেম খান

নিউজ ডেস্ক: দেশ বরেণ্য শিল্পী হাশেম খানের ৭৫তম জন্মদিন আনন্দ অনুষ্ঠান ও ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শিল্পীর লেখা ও তাকে নিয়ে রচিত দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচনও করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, বাংলাদেশ চর্চা, হাশেম খান-পারভিন ট্রাস্ট, চন্দ্রাবতী একাডেমি, গ্যালারি ২১ এবং জার্নিম্যান বুকস যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

এতে প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. হারুন অর রশিদ, বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, শিশু একাডেমি, বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরসহ বিশিষ্ট ব্যক্তি-সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

মুক্তিযুদ্ধ নিয়ে শিল্পী হাশেম খানের লেখা কিশোর উপন্যাস ‘কটিক’ এবং শিল্পীর চিত্রকলা নিয়ে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের লেখা ‘হাশেম খানের কাজ’ গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করা হয়।

আনন্দ আয়োজন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে শিল্পীর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শাহরিয়ার কবির, ফেরদৌসী প্রিয়ভাষিনীসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

মুনতাসীর মামুন বলেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন যারা যা করতে চান তাই করতে পারেন। হাশেম খান সেই দলের মানুষ।

বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি ছবি এঁকে চলেছেন।

খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন। ২০১১ সালে তাকে বাংলাদেশ সরকার স্বাধীনতা পুরস্কার প্রদান করে।

basic-bank

Be the first to comment on "জন্মদিনে ভালোবাসায় সিক্ত চিত্রশিল্পী হাশেম খান"

Leave a comment

Your email address will not be published.


*