নিউজ ডেস্ক : রবিবার বেলা ১১টায় নওগাঁর মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেলুয়াবাড়ী জয়বাংলার মোড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ যুবককে পাকড়াও করে। তাদের কাছ থেকে ১টি ৭.৬২ বোরের বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি বিদেশী সাটারগান ও ৩টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুলিশ তাদের ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের আশরাফ আলীর পুত্র আবু হুরাইরা স্বপন (২৫) ও দৌলতপুর উপজেলার পাককোলা গ্রামের মৃত আনসার আলী গাইনের পুত্র আরমান আলী (৪৫)।
স্থানীয়রা জানান, আটককৃত স্বপন রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে দশম শ্রেণির শিক্ষার্থী প্রাপ্তিকে ডেকে নেয়। আগন্তক স্বপন শিক্ষার্থী প্রাপ্তির হাতে মিষ্টির একটি প্যাকেট ধরিয়ে দিয়ে সেটি তার ভাই রনিকে দেয়ার জন্য বলে। শিক্ষার্থী প্রাপ্তি বাড়ি নিয়ে মায়ের হাতে প্যাকেটটি দিলে তা খুলে ভেতরে কাগজে মোড়ানো সর্ট সাটারগান দেখতে পান তারা।
ঘটনায় ভীতসন্ত্রস্ত শিক্ষার্থী প্রাপ্তি তাৎক্ষনিক বিদ্যালয়ে ফিরে বিষয়টি শিক্ষকদের অবহিত করে। পরে ধাওয়া দিয়ে জয়বাংলা মোড় সংলগ্ন এলাকা থেকে স্বপন ও আরমানকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের হাত ব্যাগে তল্লাশী চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়।
এঘটনায় নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম, এই কাজে সহযোগিতাকারী স্থানীয় জনসাধারণকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন। এব্যাপারে মান্দা থানায় মামলা হয়েছে।

Be the first to comment on "নওগাঁয় ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার"