নিউজ ডেস্ক : সিরিয়ায় চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আলোচনা হলেও সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের বিরোধিতাকারী ফ্রান্সের নীতিতে কোন পরিবর্তন আসবে না বলেও জানান তিনি।
ফ্রান্সের স্থানীয় সময় রোববার ওলাঁদ বলেন, ‘আমরা আগ্রহ দেখালেও ভ্লাদিমির পুতিন সিরিয়া ইস্যুতে আন্তরিক আলোচনায় বসতে আগ্রহী নন। সিরিয়া ইস্যুতে আমি যেকোনো সময় আলোচনায় বসতে রাজি। তবে আলোচনার বিষয়বস্তু হতে হবে, দেশটির চলমান সন্ত্রাস বিরোধী বোমা হামলা বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক ত্রাণ পাঠানো নিশ্চিত করা নিয়ে।’
চলতি মাসের ১৯ তারিখ ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ওলাঁদ এবং পুতিনের মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট কেবলমাত্র সিরিয়া সংকট ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী বলে সাক্ষাত করতে আগ্রহ দেখাননি পুতিন। এমনকি সাক্ষাতের সিডিউল বাতিল করে দেন।
এদিকে ওলাঁদের বক্তব্যের আগে প্রেসিডেন্ট পুতিন প্যারিসের ব্যাপক সমালোচনা করেন। পুতিন বলেন, ‘সিরিয়া সংকট নিরসনে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকার্যে অংশ নিচ্ছে না ফ্রান্স। সিরিয়া নিয়ে আন্তর্জাতিক সমাজ এমনকি ফ্রান্সের সঙ্গেও আলোচনা করতে রাজি রাশিয়া।’ সাক্ষাতের সিডিউল বাতিল প্রসঙ্গে পুতিন বলেন, ‘প্যারিস হঠাৎ করে সফরের মূল কর্মসূচি পরিবর্তন করে সিরিয়া ইস্যুতে আগ্রহের কথা জানায়। যার জন্য সফর বাতিল করা হয়েছে। এর দায়ভার পুরোপুরি প্যারিস সরকারের।’
শুধু সিরিয়া ইস্যু নিয়ে পরে থাকলেই চলবে না, আলোচনার অনেক কিছু আছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। এর আগে সিরিয়ার আলেপ্পোতে জঙ্গি অবস্থানে রাশিয়ার বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানায় ফ্রান্স। এমনকি বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনে ফ্রান্স। তাতে ভেটো দেয় রাশিয়অ তখন থেকেই এই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

Be the first to comment on "সিরিয়া ইস্যুতে পুতিনের সঙ্গে আলোচনা করতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট"