শিরোনাম

ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে জয় এক অনন্য প্রাপ্তি।’ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ ক্রিকেট দল সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’

শেখ হাসিনা তাঁর অভিনন্দন বার্তায় দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ, দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টকে সকলকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’ শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের কারণেই এ ঐতিহাসিক সাফল্য এসেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে (১৯৯৬-২০০১) বাংলাদেশ বহু প্রতীক্ষিত টেস্ট ও ওয়ানডের মর্যাদা লাভ করে। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা আগামীতেও অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এছাড়া পৃথক বার্তা দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রসঙ্গত, আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ১০৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দলকে টেস্টে হারালো বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে স্মরণীয় জয়।

 

basic-bank

Be the first to comment on "ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন"

Leave a comment

Your email address will not be published.


*