নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়া এলাকায় তিন বছরের মধ্যে বাড়ির মালিকরা ভাড়া বাড়াতে পারবেন না। কেউ ভাড়া বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তৈরি পোশাক শ্রমিক নেতাদের জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডে নৌপরিবহনমন্ত্রীর বাসভবনে কারখানার মালিক, শ্রমিক ও সরকারের যৌথ বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তোফায়েল আহমেদ বলেন, মঙ্গলবার থেকে সব শ্রমিক কাজে যাবেন। যারা কাজ করবেন না, তারা বেতন পাবেন না। তারপরও যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যেসব কারখানায় বেতন-ভাতা নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো মালিকপক্ষের সঙ্গে বসে সমাধান করা হবে। কোনোভাবে কাজ বন্ধ রাখা যাবে না।
বাণিজ্যমন্ত্রী আরেও বলেন, এখন গার্মেন্টে ১০ হাজারের নিচে কোনো শ্রমিক বেতন পান না। এর পরও আমাদের কিছু শ্রমিক নেতা তাদের সমস্যার কথা বিদেশিদের কাছে পাঠান। এটা দেশের জন্য অপমানজনক। আমরা শ্রমিকদের বেতন ধাপে ধাপে ২২৩ শতাংশ বৃদ্ধি করেছি।
এ সময় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকে আশুলিয়ায় কোনো কারখানা বন্ধ থাকবে না। আমরা সবাই কাল থেকে কাজ করব।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাভারের সংসদ সদস্য ডা. এনাম আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি এ. কে. আজাদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, কোনো কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে গত সপ্তাহের সোমবার থেকে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাক শ্রমিকরা।
আশুলিয়ায় ৩ বছর বাড়িভাড়া বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

Be the first to comment on "আশুলিয়ায় ৩ বছর বাড়িভাড়া বাড়বে না : বাণিজ্যমন্ত্রী"