নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন, বর্ধনশীল প্রবৃদ্ধি এবং বিপুলসংখ্যক তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীর বিষয়টি উল্লেখ করে কুয়েত সরকারকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বি-পক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাতে বিরোধীদলীয় নেতা একথা বলেন। উষ্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সাথে কুয়েতের সম্পাদিত চুক্তির জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে এ চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
এ চুক্তির ফলে কুয়েত ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে কুয়েতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে তিনি বলেন তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে কাজ করে যাবে। বিরোধীদলীয় নেতা বাংলাদেশ থেকে আরো বেশি কর্মী নেয়া এবং কুয়েতের ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানান। এছাড়া কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারে অনুরোধ করলে কুয়েতের প্রধানমন্ত্রী এবিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপসাগরীয় যুদ্ধের সময়ে কুয়েতকে সমর্থন ও সহযোগীতা প্রধানের কথা স্মরণ করে কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানান। মুসলিম উম্মার ঐক্য ও মুসলমানদের কল্যাণ নিশ্চিতকরণে বাংলাদেশ ও কুয়েত একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন কুয়েতের প্রধানমন্ত্রী। কুয়েতের প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা সুবিধাজনক সময়ে কুয়েত সফরের কথা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ্ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ্, উপ-প্রধানমন্ত্রী এবং অর্থ ও ভারপ্রাপ্ত তেলমন্ত্রী আনাছ-খালেদ আল-সাবাহ্, শিক্ষামন্ত্রী ড. বাদের হামাদ-আল-ইসা, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, ফখরুল ইমাম এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি এবং হুইপ সেলিম উদ্দীন এমপি প্রমুখ।

Be the first to comment on "কুয়েতকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রওশনের"