নিউজ ডেস্ক: রাজশাহীর তানোর উপজেলায় ‘ইমাম মাহদি তরিকা’-র একজন পীরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া পীরের নাম মোহাম্মদ শহীদুল্লাহ। তার বয়স ৬৫ বছর ।
পীর শহীদুল্লাহর পরিবারের ধারণা, শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে তার অনুসারীদের সঙ্গে দেখা করতে যাবার পথে তাকে হত্যা করা হয়। মনে হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত।
নিহত পীরের ছেলে রাসেল আহমেদ জানিয়েছেন, রাতে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাটি জানতে পারেন। তবে কেন বাবাকে হত্যা করা হয়েছে এ সম্পর্কে কিছুই জানি না। বাবাকে আগে কখনও কেউ হুমকি দেয়নি এবং এলাকার মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। বাবা ‘ইমাম মাহদির তরিকা’ অনুসরণ করতেন।
পুলিশ বলছে, শুক্রবার সন্ধ্যায় তানোরের একটি আমবাগানে পীর মোহাম্মদ শহীদুল্লার মরদেহ পাওয়া যায়। এ সময় তার ঘাড়ে এবং গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
জানা গেছে, মোহাম্মদ শহীদুল্লাহ আগে গোয়ালন্দের একজন পীরের অনুসারী ছিলেন। গত ৫-৬ বছর যাবত তার বেশ কিছু অনুসারী তৈরি হয় এবং তিনি পীর হিসেবে পরিচিতি পান। নিজ এলাকায় একটি মুদি দোকানও ছিল শহীদুল্লাহর।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এই ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা এখনো তারা ধারণা করছেন না।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে একই কায়দায় হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে কথিত ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এই হত্যার দায় স্বীকার করে বলে খবর পাওয়া যায়।
ইমাম মাহদি তরিকার পীর খুন

Be the first to comment on "ইমাম মাহদি তরিকার পীর খুন"