নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দু’টি মামলায় সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে একজন যুগ্ম জেলা জজ, দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও একজন আইনজীবিসহ ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে আসামীপক্ষের আইনজীবিরা তাদের জেরা করেন। আদালত পরবর্তী স্বাক্ষিদের সাক্ষ্যগ্রহণ ও জেরার তারিখ আগামী ২৪ মে ধার্য্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে নয়টার মধ্যে সাত হত্যা মামলার প্রধান আসামী নূর হোসেন, র্যাব-১১র সাবেক অধিনায়ক লে.কর্ণেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামীকে আদালতে হাজির করা হয়। আসামীদের উপস্থিতিতেই একজন যুগ্ম জজ, দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও একজন আইনজীবিসহ ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। এই নিয়ে ৭ খুনের দুটি মামলায় মোট দুই মামলার বাদি, একজন যুগ্ম জেলা জজ, চারজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও বেশ কয়েকজন আইনজীবিসহ ৫৩ জনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
বাদিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদের স্বাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে স্বাক্ষিদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়। পরে পর্যায়ক্রমে যুগ্ম জেলা জজ মনোয়ারা বেগম, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাঈদুজ্জামান শরীফ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর ও সাধারণ নাগরিক মোহাম্মদ আলীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার যে তিনজন বিচারক স্বাক্ষ্য প্রদান করেছেন যারা এই মামলার আসামীদের জবানবন্দি রেকর্ড ও সাক্ষ্য গ্রহণ করেছিলেন। তাই আদালতে এই বিচারকদের স্বাক্ষ্য প্রদানের ফলে মামলাটি প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি (পাবলিক প্রসিকিউটর) ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার ৫ জন স্বাক্ষীকে সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হয়। তাদের সবাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেছেন। তিনি জানান, আজকের স্বাক্ষীরা তাৎপর্যপূর্ণ সাক্ষ্য প্রদান করেছেন। তাদের মধ্যে মোহাম্মদ আলী নামের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য প্রদান করেছেন। যা এই মামলা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ২৪ মে ধার্য্য করেছেন। আগামী তারিখে আরো ৭/৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।

Be the first to comment on "নারায়ণগঞ্জের ৭ খুন: পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ২৪ মে"