নিজস্ব প্রতিবেদক : দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২৭ মের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনের পরীক্ষা হবে আগামী ১২ জুন।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে আগে একবার এই পরীক্ষাটির তারিখ পিছিয়ে ২৭ মে করা হয়েছিল। পরীক্ষাসূচি অনুযায়ী এই পরীক্ষা ২২ মে হওয়ার কথা ছিল। ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার এ কথা জানিয়েছেন।
এছাড়াও, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ ২৭ মে নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষা রয়েছে ২৮ মে। ইউপি নির্বাচনের পঞ্চম পর্বে ২৮ মে ৭৩৩টি ইউনিয়নে এবং ষষ্ঠ পর্বে ৪ জুন ৭২৭টিতে ভোটগ্রহণ হবে। ইসির উপ-সচিব ফরহাদ আহম্মদ খান জানিয়েছেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয় এবং শিক্ষক-ব্যাংক কর্মকর্তাদের অনেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকেন।
“ভোটের আগের দিন নির্বাচনী মালামাল নেওয়া ও ভোটকেন্দ্র প্রস্তুতে নিয়োজিত থাকবেন তারা। সব বিষয় বিবেচনা করে তারিখ পরিবর্তনের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।” ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে ইসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষার সময় ২৮ মে-এর পরিবর্তে ভিন্ন তারিখ নির্ধারণের জন্য চিঠি গেছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে।

Be the first to comment on "ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা আবারও পেছাল"