শিরোনাম

জয়ের সঙ্গে মেন্দির বৈঠক হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে। এ বিষয়ে সরকার কী ব্যবস্থা নেয় তা জনগণ দেখতে চায়।
আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। জয়ের সঙ্গে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাক্ষাৎ করার দাবি নিয়ে বিবিসির প্রকাশিত খবর প্রসঙ্গে রিজভী এ কথা বলেন।
অবশ্য সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘আমার সঙ্গে মেন্দির কোনো সময়েই সাক্ষাৎ হয়নি।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাতক মাহবুব আলম হানিফ বলেছেন, জয়ের সঙ্গে মেন্দির বৈঠকের কথা বিএনপির সাজানো নাটক।
আজকের সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আসলাম চৌধুরী প্রসঙ্গ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, একজন নির্দোষ মানুষকে জেলে আটকে রাখা হলো। আর এখন বলা হচ্ছে, মেন্দির সঙ্গে জয়ের বৈঠক একটি নাটক। তিনি বলেন, ‘বিএনপির কেউ কথা বললে দেশদ্রোহী হয়ে যায়। আর প্রধানমন্ত্রীর ছেলে বললে দেশপ্রেমিক হয়ে যায়।’
গত শুক্রবার বিবিসি বাংলার অনলাইন সংস্করণে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গত বছর মেন্দি এন সাফাদির সাক্ষাৎ হয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয়ের কার্যালয়ে এই বৈঠক হয়। সাফাদির একজন আমেরিকান বন্ধু তাঁদের দুজনের এই বৈঠকের আয়োজন করেন বলেও ওই খবরে উল্লেখ করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবেও সাফাদির একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। সেখানেও তিনি জয়ের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেছেন।

basic-bank

Be the first to comment on "জয়ের সঙ্গে মেন্দির বৈঠক হয়েছে: রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*