শিরোনাম

সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ নিহত ৩

নিউজ ডেস্ক : নরসিংদীর শিবপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের যাত্রী। তাঁরা হলেন রাজধানীর ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক কলিমুল্লাহ (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্মৃতি রানী সাহা (৩৫) ও এরিস্টোফার্মা লিমিটেডের মাইক্রোবাসচালক মনির হোসেন (৩৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক কোন্দার পাড়া এলাকায় আরেকটি ট্রাককে অতিক্রম করার সময় চিকিৎসকদের বহন করা মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই আরোহীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি টহল দল আহত বক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের তথ্যমতে, মাইক্রোবাসে চালকসহ মোট আটজন ছিলেন। এর মধ্যে পাঁচজন ছিলেন চিকিৎসক। স্মৃতি রানী সাহাকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে নিহত হন কলিমুল্লাহ ও মনির।
আহত ব্যক্তিরা হলেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চিকিৎসক ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাওসি বাজার এলাকার বিজয় কৃষ্ণ সাহা (৪০), তাঁর মা অনিমা সাহা (৬৫), গৃহকর্মী লাকি (১৮), কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকার মহরম আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩২), জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চিকিৎসক ও ঢাকার মোহাম্মদপুর এলাকার আজিজুল হকের ছেলে মো. তানভীর আহমেদ (৩৫)। তাঁরা ঢাকা থেকে ভৈরবে রোগী দেখার জন্য যাচ্ছিলেন।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, হাসপাতালে ছয়জনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে একজন মারা যান। আহত ব্যক্তিদের মাথায় গুরুতর আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাসড়কে টহলরত নরসিংদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মহসীন প্রধান বলেন, মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আর হাসপাতালে আনার পর একজন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই চিকিৎসক। দুর্ঘটনার পর পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের টহল দল ও অ্যাম্বুলেন্স উদ্ধারকাজ করেছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন চিকিৎসক আর একজন মাইক্রোবাসচালক। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে। বেলা আড়াইটা পর্যন্ত লাশ ইটাখোলা পুলিশ ফাঁড়িতে রাখা ছিল। এ ঘটনায় ট্রাকচালককে আসামি করে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

basic-bank

Be the first to comment on "সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*