নিউজ ডেস্ক : এসপিপত্নী মাহমুদা আক্তার মিতুকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজন এবং তার এক সহযোগীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারের খবর দিয়েছে চট্টগ্রামের পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাশ ভট্টাচার্য বলছেন, এহতেশামুল হক ভোলা ও মনির নামের ওই দুইজনকে মঙ্গলবার ভোররাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ভোলা কয়েক দিন আগেই আটক হয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এলেও পুলিশ তা স্বীকার করেনি।
দেবদাশ ভট্টাচার্য বলেন, “ভোলাকে প্রথমে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে মনিরের বাসা থেকে একটি রিভলবার ও একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ভোলা তার কর্মচারী মনিরের কাছে ওই অস্ত্র রাখতে দিয়েছিল।”
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের ও আর নিজাম রোডে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় মাহমুদা আক্তার মিতুকে। ওই ঘটনায় তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ এবং মেরাদিয়ার হাজীপাড়ায় বাবুলের শ্বশুরবাড়িতে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমে নানা খবরের মধ্যেই নতুন করে এ দুইজনকে গ্রেপ্তারের খবর এল। গত শুক্রবার মধ্যরাতে পুলিশ বাবুলকে তার শ্বশুরবাড়ি থেকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলে নানা প্রশ্নের জন্ম হয়।
পুলিশ বাবুলকেও ‘সন্দেহ করছে’ বলে এরপর পত্রিকায় খবর আসে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারের পর তা যাচাইয়ের জন্যই বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
বাবুল বাড়ি ফেরার পরদিন রোববার মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ার হোসেন নামে আরও দুজনকে আলোচিত এ হত্যা মামলায় গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
তারা ওইদিনই চট্টগ্রামের আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার সেদিন এক সংবাদ সম্মেলনে বলেন, মিতু হত্যাকাণ্ডে সাত থেকে আটজন জড়িত ছিলেন, তাদের মধ্যে দুজন হলেন ওয়াসিম ও আনোয়ার।
তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের পর মোটর সাইকেলে যে তিনজনকে পালাতে দেখা গিয়েছিল, ওয়াসিম তাদের একজন। সেই মিতুকে গুলি করে। আর আনোয়ার হলেন অনুসরণকারীদের একজন। ওয়াসিম ও আনোয়ারকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা ‘পেশাদার অপরাধী’। তবে কার নির্দেশে তারা মিতুকে হত্যা করে থাকতে পারে- সে প্রশ্নের উত্তর সেদিন ইকবাল বাহার দেননি।
মিতু হত্যা: আরও দুইজন অস্ত্রসহ গ্রেপ্তার

Be the first to comment on "মিতু হত্যা: আরও দুইজন অস্ত্রসহ গ্রেপ্তার"