নিউজ ডেস্ক : চলতি মাসের শেষে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন রস টেইলর।
চোখের সমস্যার কারণে গেল অক্টোবরে শেষ হওয়া ভারত সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন টেইলর। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাপেল-হ্যাডলি সিরিজ ও সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াডে ছিলেন না টেইলর। চোখে অস্ত্রোপচার শেষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেন তিনি। এবার অস্ট্রেলিয়া বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের স্কোয়াডেও ফিরলেন টেইলর।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ওপেনার মার্টিন গাপটিল। তাকেও রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। তবে দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক লুক রঞ্চি ও জিতান প্যাটেল। অকল্যান্ডে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই ম্যাচ।
নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রস টেলর ও টিম সাউদি।

Be the first to comment on "অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা"