নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজের সমর্থনে বক্তব্য দেয়ার জন্য আজ (সোমবার) আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুনরায় জেরা করার জন্য নিম্ন আদালতে আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিশন আবেদন হাইকোর্টে বিচারাধীন থাকায় তাকে (খালেদা জিয়া) আদালতে যেতে হবে না।
গত ১৭ এপ্রিল পুলিশের করা মামলায় পুলিশের তদন্ত ডায়েরি (রেকর্ডপত্র ও সিডি) এবং তদন্ত কর্মকর্তা (আইও’র) সাক্ষ্য পুনরায় গ্রহণ সংক্রান্ত দুটি আবেদন খারিজ করেছেন আদালত। একইসঙ্গে খালেদার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৫ এপ্রিল (সোমবার) নতুন তারিখ ধার্য করে আদেশ দেন।
এর আগে গত ১৭ এপ্রিল খালেদা জিয়া নিজের সমর্থনে আদালতে বক্তব্য দেয়ার কথা ছিল। কিন্তু ওই দিন খালেদা জিয়ার পক্ষ থেকে এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুনরায় জেরা করার জন্য আবেদন জমা দেন আদালতে। একইসঙ্গে
খালেদা জিয়ার পক্ষ থেকে এ বিষয়ে উচ্চ আদালতে রিভিশন আপিল করা হবে বলে আদালতকে জানানো হয়। পরে আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ এপ্রিল নির্ধারণ করেন।
দুদকের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোশররফ হোসেন কাজল বলেন, প্রধানমন্ত্রী থাকাকলীন খালেদা জিয়া এ ট্রাস্ট করেছেন। যা আইনত করা য়ায় না। ট্রাস্টের অর্থ নিজেরা লাভবান হতে ব্যয় ও আত্মসাৎ করেছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Be the first to comment on "আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া"