নিজস্ব প্রতিবেদক : বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়কে ‘ঐতিহাসিক’ বলেছে বিএনপি।
এই রায়ের মধ্য দিয়ে উচ্চ আদালতের প্রতি ‘আস্থা বাড়ার’ পাশাপাশি ‘ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী’ হয়ে ওঠার কথা বলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতকাল মাননীয় হাই কোর্ট যে রায় দিয়েছেন, এটি ঐতিহাসিক, মনুমেন্টাল। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পেল। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরও দৃঢ়তর হল। “আমরা মনে করি, এই রায়ের মধ্য দিয়ে আবারও ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে সুগভীরভাবে নিশ্চিত হল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানাচ্ছে। জনগণ, দেশের সুশীল সমাজ, সর্বস্তরের মানুষের মধ্যে আজকে এই বিপন্ন সময়ে, দুঃশাসনে, এই রায়ে তাদের মধ্যে এক ধরনের আশাবাদ জেগে উঠল ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে।”
একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে।
রায়ে আদালত বলে, “সংসদের মাধ্যমে বিচারকগণের অপসারণ প্রক্রিয়া ইতিহাসের একটি দুর্ঘটনা।” এই রায়কে সংবিধান পরিপন্থি মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদের সিদ্ধান্তকে অবৈধ বলে দেওয়া এই রায় আপিল বিভাগে টিকবে না। তবে রিজভী বলছেন, “আমি মনে করি, উচ্চ আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশার প্রতিধ্বনি করে যে রায়টি দিয়েছেন তা যুগান্তকারী।” নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের অনেকে উপস্থিত ছিলেন।

Be the first to comment on "আদালতের প্রতি ‘আস্থা বেড়েছে’ বিএনপির"