শিরোনাম

ক্রিকেট ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে পুলিশের বিশেষ মহড়া

নিউজ ডেস্ক : চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে আজ রবিবার পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এতে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশ নেন।

আজ সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত মহড়ায় দেখা যায় ‘খেলোয়াড়’দের বহনকারী গাড়িটি রেডিসন ব্লু থেকে বেরিয়েছে। সামনে-পিছনে-দু’পাশে পুলিশ বিশেষ নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে গাড়িটিকে। মূল গন্তব্য জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনের সড়কে আড়াআড়ি করে পিকআপ ভ্যান রেখে খেলোয়াড়দের গাড়ি আটকানোর চেষ্টা করল ‘জিম্মিকারীরা’! সাথে সাথে চারপাশ থেকে পুলিশের যৌথ অভিযান শুরু হল। জিম্মিকারীদের পিক‌আপ ভ্যানটিকে ক্রেন দিয়ে উপড়ে ফেলা হলো। হঠাৎ বিকট আওয়াজে ফুটল দুটি সাউন্ড গ্রেনেড। ১৫ মিনিটের এই মহড়ায় দেখানো হলো রুদ্ধশ্বাস অভিযানের মধ্য দিয়ে কিভাবে ‘জিম্মি’ ঘটনার অবসান করা যায়।

পরে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে দিয়ে খেলোয়াড়দের গাড়িটিকে নিয়ে যায় জহুর আহম্মেদ স্টেডিয়ামে। সেখানে খেলা চলার সময় নিরাপত্তাজনিত কোনো সমস্যা তৈরি হলে কীভাবে খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নেওয়া হবে, তারও মহড়া অনুষ্ঠিত হয়।

আগামী ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং ২০ থেকে ২৪ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ১৪ থেকে ১৫ এবং ১৬ থেকে ১৭ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

basic-bank

Be the first to comment on "ক্রিকেট ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে পুলিশের বিশেষ মহড়া"

Leave a comment

Your email address will not be published.


*