নিউজ ডেস্ক : সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত শনিবার সকালে এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম জিয়াউল হক জিয়া দেশে একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৮৬ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। মরহুম জিয়াউল হক জিয়া একজন গণমুখী ও তৃণমূলে আস্থাভাজন একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ২০০১ সালের মন্ত্রিসভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং তার নিজ এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তার নিজ এলাকায় মরহুম জিয়াউল হক জিয়া নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। মরহুম জিয়াউল হক জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খালেদা জিয়া শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জিয়াউল হক জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শেস নিঃশ্বাস ত্যাগ করেন জিয়াউল হক জিয়া।
জিয়াউল হকের মৃত্যুতে খালেদার শোক

Be the first to comment on "জিয়াউল হকের মৃত্যুতে খালেদার শোক"