নিউজ ডেস্ক : জেলার পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যূ হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দমকল বাহিনীর কর্মী ও স্থানীয়রা জানান, ওই গ্রামের খরেশ চন্দ্রের বাড়ি উপর দিয়ে যাওয়া ৪শ’ ৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে পড়লে বাড়িতে আগুন লেগে যায়। এসময় ঘরের ভেতরে থাকা মটর সাইকেলের তেল ভর্তি ট্যাংকের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির ৫টি ঘড়ে ছড়িয়ে পড়ে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারেনি এবং ঘড়ে ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে সুরেশের স্ত্রী কেয়া রাণী (৩৮) ও তার শ্যালিকা সন্ধ্যা রাণী (২২) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫) তার ছেলে নিলয় (৮) ও মেয়ে নাইস (১৩) । পরে খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দগ্ধদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার উন্নতির জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর খরেশ চন্দ্র (৪৫) নিলয় (৮) ও নাইস (১৩) মারা যায়।
খরেশ চন্দ্র একজন ট্রাফিক পুলিশ। তিনি দিনাজপুরে চাকুরীরত ছিলেন। পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়ি আসেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল হক জানান, প্রথমে তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু দগ্ধদের শরীরের প্রায় শতভাগ ঝলসে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থা হয়। তাই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তারা মারা যায়।
ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার মৃত্যূর সত্যতা নিশ্চিত করেন।
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৫ জন

Be the first to comment on "ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৫ জন"