শিরোনাম

নিহত তামিমের নামে নিবন্ধে আরও হামলার হুমকি

নিউজ ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রুমিয়া সাময়িকীতে সম্প্রতি তামিম চৌধুরীর নামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে গুলশান হামলার বিবরণ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আরও হামলার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার অনলাইন সংস্করণে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সমন্বয়ক বা মাস্টারমাইন্ড ছিলেন বলে পুলিশের ভাষ্য। গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে তামিম ও তাঁর দুই সহযোগী নিহত হন।
রুমিয়া সাময়িকীর ইংরেজি সংস্করণে প্রকাশিত নিবন্ধে তামিমকে বাংলার সামরিক ও গুপ্ত হামলার সাবেক প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে।

হামলার স্থান হিসেবে হলি আর্টিজানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে নিবন্ধে। হত্যার জন্য জিম্মিদের আলাদা করার কথার উল্লেখ আছে। এতে বলা হয়, যাঁরা নিজেদের মুসলমান প্রমাণ করতে পেরেছেন, তাঁদের প্রতি ভালো ব্যবহার করা হয়েছে। যাঁরা ব্যর্থ হয়েছেন, তাঁদের হত্যা করা হয়েছে। নিবন্ধে পাঁচ হামলাকারীর বিস্তারিত পরিচয়ও দেওয়া হয়েছে। বাংলাদেশে বিদেশিদের ওপর আরও হামলার হুমকি রয়েছে নিবন্ধে।

তামিমের নামে নিবন্ধ প্রকাশ সম্পর্কে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ফেলো অমরনাথ অমরাসিঙ্গাম বলেন, আইএসের যোদ্ধাদের সত্যিকারের নাম প্রকাশের বিষয়টি অস্বাভাবিক। গুলশান হামলার কৃতিত্ব নিতে আইএস মরিয়া।

বাংলাদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার খবরে বলা হয়, রুমিয়া সাময়িকীতে তামিমের নামে প্রকাশিত নিবন্ধের বিষয়টি তারা যাচাইবাছাই করছেন।

গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে জিম্মি করা ১৮ বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। ওই রাতে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে জিম্মি উদ্ধার অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। অভিযানের আগে ও পরে ওই রেস্তোরাঁ থেকে ৩২ জন জিম্মিকে উদ্ধার করা হয়।

basic-bank

Be the first to comment on "নিহত তামিমের নামে নিবন্ধে আরও হামলার হুমকি"

Leave a comment

Your email address will not be published.


*