নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম তার বাবার মরদেহ দেখার জন্য প্যারলে মুক্তির আবেদন করবেন বলে জানিয়েছে পরিবার। হাসনাত করিমের বাবা রেজাউল করিম সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭৬ বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে তাকে ঢাকার এপোলো হাসপাতাল ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে হাসনাত করিমের স্ত্রী শারমিন করিম জানান। আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, প্যারলে মুক্তির জন্য আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। তবে দাফন কোথায় হবে সে বিষয়ে পারিবারিকভাবে এখনো সিদ্ধান্ত হয়নি। হাসনাত করিম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছে। সর্বশেষ রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন নাকচ হয়।

Be the first to comment on "বাবার মরদেহ দেখতে প্যারল চাইবেন হাসনাত"