নিউজ ডেস্ক : আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রবিবার বেলা ১১টা ১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।
৩৫ মিনিটের এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শুরা সদস্য মাওলানা মুহাম্মদ সা’দ। তিনি আরবি ও উর্দু ভাষায় মোনাজাত করেন।
মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নেয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে নিকট আত্মীয়দের নিয়ে এই আখেরি মোনাজাতে অংশ নেন।
গত শুক্রবার ভোরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নেন ঢাকাসহ ১৭ জেলার মুসলমানরা। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এ দিন ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মোনাজাত শুরুর আগে ইজতেমা ময়দানে চটের শামিয়ানার নিচে বয়ান শোনেন অংশগ্রহণ করা লাখো মানুষ। ময়দান ভরে যাওয়ায় আশপাশের অলিগলি ও রাস্তায় পাটি, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে তাতেই অবস্থান নেন অনেকে।
এদিকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বহু নারীও এসেছিলেন মোনাজাতে অংশ নিতে। ময়দানে ঢোকার অনুমতি না থাকায় তারা আশপাশের বিভন্ন কারখানা ও আবাসিক ভবনের ছাদে অবস্থান নিয়ে মোনাজাতে হাত তোলেন।
চার দিন বিরতি দিয়ে আগামী ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ঢাকা ছাড়াও আরও ১৬ জেলার মুসলমানরা অংশগ্রহণ করবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যামে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের এই বার্ষিক সম্মেলন।
এর বাইরে দেশের বাকি ৩২টি জেলার মানুষ আগামী বছর দুই পর্বে ইজতেমায় অংশ নেবেন।
এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, সবাই বাড়ি ফেরা পর্যন্ত ছয় হাজারের বেশি পুলিশ সদস্য ইজতেমা মাঠ ও আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

Be the first to comment on "বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু ২০ জানুয়ারি"