নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার শিবির নেতা হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক মোকসেদা আজগর চার দিনের রিরান্ড মঞ্জুর করেন। আগামী সোমবার একই মামলায় আটক মসজিদের ইমাম রায়হান আলীসহ অপর এক আসামির রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় জানান, শিবির নেতা হাফিজুরের রিমান্ড শুনানির পর বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে পুনরায় আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে রাবি শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Be the first to comment on "রাবি শিক্ষক হত্যা : শিবির নেতা হাফিজুর রিমান্ডে"