নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামী জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে চট্টগ্রামের ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন জামাল।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন স্থানীয় গোবিন্দপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে। লক্ষ্মীপুর দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক গণেশ চন্দ্র শীল জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী জামাল উদ্দিন চট্টগ্রামের ডবল মুরিং থানার ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এর আগে তাকে ধরিয়ে দেয়ার জন্য সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক একেএম সালাহউদ্দিন টিপু বিশ হাজার টাকা ঘোষনা দেন। একই সঙ্গে ভিকটিমের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যার পর সদর উপজেলার দাসেরহাট রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী খাতা ও কলম কেনার জন্য বাড়ী সংলগ্ন দাসেরহাট বাজারে যায়। পরে সে বাড়ী ফেরার পথে স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমান ওই ছাত্রীকে কৌশলে দাসেরহাট বাজারের জামালের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন সকালে ধর্ষক জামাল ও তার সহযোগী ওসমানকে আসামী করে মামলা করেন ভিকটিমের ভাই শিব্বির আহমদ। এ ঘটনায় বিভিন্ন গনমাধ্যমে ফলাও করে প্রচার করার পর প্রশাসনের টনক নড়ে।

Be the first to comment on "লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী জামাল গ্রেফতার"