শিরোনাম

লোহাগড়ায় অবৈধ সার মজুত রাখার অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা

লোহাগড়ায় অবৈধ সার মজুত রাখার অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা

রফিকুল ইসলাম পিকুল, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় নিবন্ধনবহির্ভূত সার মজুতের অভিযোগে বিসিআইসি ও বিএডিসির সার ডিলার মেসার্স আরএস এন্টারপ্রাইজের মালিক সুভাশিষ কুন্ডুকে ত্রিশহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান জানান, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মেসার্স আর এস এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে হিসাব অনুযায়ী গুদামে ২৩০ বস্তা এমওপি সার থাকার কথা থাকলেও পাওয়া যায় ২৮১ বস্তা। অর্থাৎ অতিরিক্ত ৫১ বস্তা এমওপি সার পাওয়া যায়। এছাড়া নিবন্ধনের বাইরে আরও ৮ বস্তা ডিএপি সার মজুত ছিল।
তিনি বলেন, নিবন্ধনবহির্ভূত সার মজুত রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ সালমান জামান বলেন, গত শুক্রবার ৪০ বস্তা সরকারি সার জব্দের ঘটনায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে তদন্ত চলছে। ওই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুভাশিষ কুন্ডুর গুদাম থেকে সারগুলো গোপালগঞ্জে নেওয়া হচ্ছিল বলে যে দাবি করেছেন, সে বিষয়ে তিনি বলেন, নসিমন চালকের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অবৈধ সার মজুত রাখার অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*