নিউজ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে দলীয় নেতাকর্মিদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার জাতীয় শ্রমিক লীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, ২০১৯ সালের আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বে। সেই নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। এ লক্ষ্য নিয়ে সবাই কাজ করবেন। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় শ্রমিকদের ওপর গুলি চালানো হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছেন। এজন্য শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সে কারণে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে এবং আমরা বিজয়ী হবো। সেই লক্ষ্য নিয়ে আপনাদের উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। ওই নির্বাচনে বিএনপি বিলীন হয়ে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, আব্দুস সালাম খান, হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।

Be the first to comment on "২০১৯ সালের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে ॥ নাসিম"