নিউজ ডেস্ক: অটিজম মোকাবেলায় কৌশল নির্ধারণের জন্য আন্তর্জাতিক এক সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্য সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে ‘অটিজম মোকাবেলা: এসডিজি’র আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শীর্ষক এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
জাতিসংঘে বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মিশন এবং অটিজম স্পিকস যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
বৃহস্পতিবার দুপুরে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে নামেন বাংলাদেশের অটিজম বিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ; ঢাকা থেকে তার সফরসঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন-মোমেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক গড়ে তোলার অন্যতম কারিগর সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অটিজম বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পুতুলকে ২০১৪ সালের জন্য ‘এক্সিলেন্স এওয়ার্ড’ দিয়েছে।
তিনি সংস্থাটির মানসিক স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য।

Be the first to comment on "অটিজম সম্মেলন: নিউ ইয়র্কে পুতুল"