নিউজ ডেস্ক : বিশ্বকাপে হারের ক্ষতটা এখনো শুকায়নি ব্রাজিলের, প্রতিপক্ষ আবারো জার্মানি। ফাইনালে জলে উঠবে কি প্রতিশোধের আগুন? নাকি দেখা যাবে ২০১৪ বিশ্বকাপের পুনরাবৃতি। ফুটবল পাগল মানুষরা এখন মেতে আছেন এই বিষয় নিয়েই। শনিবার মারকানা স্টেডিয়ামের আবহাওয়াটা একটু অন্যরকম থাকবে তা এখন থেকেই অনুমেয়।
জার্মানির কাছে ৭-১ গোলে হেরে দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল ব্রাজিল। সেই ম্যাচের প্রতিশোধের জন্য মরিয়া অপেক্ষা করছে দেশটির ফুটবল-পাগল মানুষ। তারা চেয়েছিল রিও দে জেনেইরো অলিম্পিকের দ্বিতীয় সেমি-ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে উঠুক জার্মানি।
হন্ডুরাসের বিপক্ষে প্রথম সেমি-ফাইনাল ম্যাচটির প্রথমার্ধ তখনও শেষ হয়নি, ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে; স্বাগতিক দেশের সমর্থকরা চিৎকার করতে শুরু করে, “জার্মানি, অপেক্ষা করো, তোমাদের সময় আসছে।”
বাংলাদেশ সময় রাত আড়াইটায় জার্মানির বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে নেইমাররা।
ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়ই ম্যাচটিকে অবশ্য প্রতিশোধের উপলক্ষ হিসেবে দেখতে নারাজ। তবে সান্তোস মনে করেন, এই ম্যাচে মারকানা স্টেডিয়ামের আবহটা একটু অন্যরকমই থাকবে।
দুই দলেরর কেউই এখনও অলিম্পিক সোনা জেতেনি। ১৯৭৬ সালে কমিউনিস্ট পূর্ব জার্মানি অলিম্পিক ফুটবলের সোনা জিতেছিল বটে, তবে সেটা এই জার্মানির ক্ষেত্রে অনেকটাই অপ্রাসঙ্গিক।
ফাইনালে কি হয় তা জানার জন্য অপেক্ষা করতে হবে শনিবার শেষ রাত পর্যন্ত।

Be the first to comment on "অলিম্পিক ফুটবলের ফাইনালে প্রতিশোধ নাকি পুনরাবৃতি?"