নিউজ ডেস্ক : মেয়েদের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের হারিয়ে বিজয় উৎসবে মেতেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। আইসিসি প্রমীলা টি২০ বিশ্বকাপের এবারের শিরোপা জিতে নিয়েছে তারা। রবিবার কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ নিল ক্যারিবীয় মেয়েরা।
টি২০ প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটের এই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইনিংসের ৩ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
প্রমীলা ক্রিকেটারদের নিয়ে আইসিসির এই টি২০ বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। সেই আসরে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এরপর বিশ্বকাপের এই আসরটিকে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলে অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০১০, ২০১২ ও ২০১৪; টানা তিনটি আসরের শিরোপা জিতে নেয় তারা। রবিবার টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় অস্ট্রেলিয়ানরা। তবে ক্যারিবীয় প্রমীলা ক্রিকেটারদের বীরত্বের কাছে এবার রাজ্য হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
ইডেনের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে তারা। ক্যারিবীয়দের পক্ষে ৩৩ রানে ২টি উইকেট নেন দোতিন। এ ছাড়া একটি করে উইকেন নেন হেইলি ম্যাথুস ও আনিশা মোহাম্মদ।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচানই দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার হেইলি ম্যাথুস ও অধিনায়ক স্টেফানি টেলর। ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ।
প্রমীলা ক্রিকেটের বিশ্বমঞ্চে রবিবার তাই ইডেনের মাঠে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। একই মাঠে পুরুষদের টি২০ বিশ্বকাপের ফাইনাল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল।

Be the first to comment on "অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ শিরোপা ক্যারিবীয় মেয়েদের"