শিরোনাম

আটক জঙ্গিরা বলে, ‘মেরে ফেলেন, জান্নাতে যাব’: আইজিপি

নিউজ ডেস্ক: বিভিন্ন সময়ে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদের বিষয়ে নানা তথ্য দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, জঙ্গিরা শরিয়া আইনে খেলাফত প্রতিষ্ঠা করবে। জঙ্গিরা জিহাদ করবে মুশরিক, মুরতাদ, মুনাফিক, কাফেরদের বিরুদ্ধে। এই জঙ্গিদের বোঝানো হয়েছে এই চার শ্রেণির লোকদের হত্যা করলে কোনো বিচার হবে না। সরাসরি জান্নাতে চলে যাবে। এসব তরুণ ‘হিপনোটাইজ’ করে ফেলা হচ্ছে মন্তব্য করে পুলিশ প্রধান বলেন, জঙ্গিরা গ্রেফতার হওয়ার পর আর বাঁচতে চায় না। বলে, আমাকে মেরে ফেলেন, জান্নাতে চলে যাবো।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দৈনিক আমার কাগজ’ পত্রিকার ১৪ বছর পদার্পণ উপলক্ষে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন: কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা জঙ্গিদের মাস্টার মাইন্ড দুইজনের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। এরা দেশের ভেতরেই আছে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। প্রয়োজনে সরাসরি তাকে ফোন করার কথাও জানিয়েছেন তিনি।

জঙ্গিদের পথ ভূল উল্লেখ করে শহীদুল হক বলেন, একটি দেশে অন্য কোনো ধর্মের মানুষ থাকতে পারবে না, এটি অপপ্রচার। ইসলামি ব্যক্তি, আলেমসমাজ, মাদ্রাসার শিক্ষকদের এ ধরনের অপপ্রচার বন্ধে কাজ করতে হবে।

সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, তারা যেন সঠিক পথে তাদের মেধার চর্চা করে, বিপথে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পিতা-মাতাকে তার সন্তানের প্রতি তীক্ষ্ম নজরদারি করতে হবে। এক্ষেত্রে শিক্ষা-প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পরে জঙ্গিদের বিরুদ্ধে মানুষের সচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানান আইজিপি। যে যে অবস্থানে আছে, সেখান থেকে জঙ্গিদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

সেমিনারে দৈনিক আমার কাগজ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, দৈনিক আমার কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক মিয়া রানা, বাংলাদেশর টেলিভিশনের ভাষ্যকার মুফতি মাওলানা কামাল উদ্দীন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "আটক জঙ্গিরা বলে, ‘মেরে ফেলেন, জান্নাতে যাব’: আইজিপি"

Leave a comment

Your email address will not be published.


*