শিরোনাম

আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়াকে ২৫ এপ্রিল ফের হাজিরের নির্দেশ

আদালতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপত্তি নাকচ করে তার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৫ এপ্রিল নতুন তারিখ ঠিক করে দিয়েছে আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য ছিল। ৭ এপ্রিল এই তারিখ ধার্য করেন আদালত। সে অনুযায়ী আজ আদালতে হাজির হন খালেদা জিয়া।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৩-এ আসেন বিএনপির চেয়ারপারসন। তাঁর আগমনের আগে আদালতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এদিন খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে পৃথক দুটি আবেদন করেন। দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালত।

এরপর খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, তাঁরা উচ্চ আদালতে যাবেন। এ জন্য আজ আত্মপক্ষ সমর্থনের শুনানি না করে পরবর্তী তারিখ ধার্য করার আরজি জানানো হয়। আদালত ২৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করে বলেন, ওই দিন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন এবং যুক্তি-তর্কের শুনানি হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

basic-bank

Be the first to comment on "আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়াকে ২৫ এপ্রিল ফের হাজিরের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*