শিরোনাম

আবারও পেছাল ‘পরবাসিনী’ মুক্তির তারিখ

নিউজ ডেস্ক: আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘পরবাসিনী’। ছবিটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক ইমন ও রিত মজুমদার।

অনেকদিন ধরেই ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল। আগামী ২২ এপ্রিল ছবিটি মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু তা আবার চার মাস পিছিয়ে দেওয়া হলো।

শুরু থেকেই ছবিটির কাজ অনেকটাই ঢিলেঢালাভাবে এগিয়েছে। ২০১২ সালে ছবিটির শুটিং শুরু হয়। তিন বছর পর ২০১৫ সালের আগস্টে এসে শেষ হয় ছবির কাজ। ওই বছরের অক্টোবরে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।

ছবিটির নির্মাণ ও মুক্তির এই দীর্ঘসূত্রতার বিষয়ে ছবির নায়ক ইমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যদিও ছবিটি একটু বেশি সময় নিয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু কাজটি অনেক ভালো হয়েছে। আমি আশা করি দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে। চলতি মাসের ২২ তারিখ ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু টেকনিক্যাল কারণে আমরা ছবির মুক্তির দিন আবারও পিছিয়েছি। ১৯ আগস্ট ছবিটি মুক্তি পাবে।’

পরবাসিনী ছবির গল্পে দেখা যাবে, তেজস্ক্রিয়তার কারণে পৃথিবী প্রায় ধ্বংসের মুখোমুখি। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করার জন্য হন্যে হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। এতে সাফল্য পায় বাংলাদেশ। এ দেশের নভোচারীরা আবিষ্কার করেন মানব বসতির জন্য আদর্শ গ্রহ ‘এরিস-৩২’।

দূষিত পৃথিবী থেকে মানুষ ‘এরিস-৩২’ গ্রহে বসতি গড়ার পরিকল্পনা করে। মানুষের এই পরিকল্পনা জানতে পারে এলিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণীরা। তারা মানুষের মহাকাশ প্রযুক্তি ধ্বংস করার মিশন নিয়ে পৃথিবীতে আসে।

এ মিশনে নেতৃত্ব দেন মেহেজ নামের এক মেধাবী এলিয়েন। মানুষের স্যাটেলাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি পৌঁছে মেহেজ প্রেমে পড়ে যান পৃথিবীর এক তরুণের।

ছবিতে ইমন ও রিত মজুমদার ছাড়া আরো অভিনয় করেছেন সোহেল খান, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, দাউদ হোসাইন রনি, জুন মালিয়া, অপ্সরা প্রমুখ।

সূত্র: এনটিভি

basic-bank

Be the first to comment on "আবারও পেছাল ‘পরবাসিনী’ মুক্তির তারিখ"

Leave a comment

Your email address will not be published.


*