নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আলপনা আঁকা একটি অভিনব ও ভিন্নধর্মী আয়োজন। আলপনা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে। এর মাধ্যমে বাঙালির জীবনের সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক প্রতিফলিত হয় এবং বাঙালিত্বকে তুলে ধরে।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে আলপনা অঙ্কনের মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব রঙে রঙে রঙিন বৈশাখ-১৪২৩ এর উদ্বোধনকালে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী জাকের, চিত্রশিল্পী মনিরুজ্জামান এবং মহসীন হাবীব চৌধুরী বক্তৃতা করেন।
প্রধান অতিথি হিসেবে স্পিকার বলেন, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আসুন নববর্ষে আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে দেশ গড়ার কাজে অংশ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই সমান তালে।
স্পিকার আরো বলেন, আজকের এ আয়োজন সফল হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। তিনি আয়োজনের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান এবং আয়োজনের সফলতা কামনা করেন।

Be the first to comment on "আলপনা বাঙালির ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে মিশে আছে : স্পিকার"