শিরোনাম

ইউপি নির্বাচন বর্জনের বিষয়ে ২০ দলের বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২০ দলীয় জোটের থাকা না থাকা নিয়ে সোমবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। রোববার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের নিয়ে খালেদা জিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববারের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ২০ দল ইউপি নির্বাচনে থাকবে কিনা তা নিয়েও কথা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র নেতাদের অধিকাংশই ইউপি নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে ২০ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তগ্রহণের আহব্বান জানানো হয়েছে। বৈঠকে আলোচ্য বিষয়গুলো নিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ২০ দলের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

আজ রাতে খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকে দেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল (সোমবার) ২০ দলের বৈঠকের পর এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আজকের বৈঠকে অংশ নিয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে ছিলেন- শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান। উপদেষ্টাদের মধ্যে ওসমান ফরুক, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, সামসুজ্জামান দুদু, এনাম আহমেদ চৌধুরী ও এম আবদুল হালিম।

যুগ্ম মহাসচিবদের মধ্যে ছিলেন- রুহুল কবির রিজভী আহমেদ, শাহজাহান মিয়া ও আমান উল্লাহ আমান। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ছিলেন- ফজলুল হক মিলন, মশিউর রহমান ও গোলাম আকবর খন্দকার।

basic-bank

Be the first to comment on "ইউপি নির্বাচন বর্জনের বিষয়ে ২০ দলের বৈঠক সোমবার"

Leave a comment

Your email address will not be published.


*