নিউজ ডেস্ক: স্মার্টফোন ব্যবসায় ভালোভাবে ফিরতে ও প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে এক হাজার ৮৫০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করবে বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন তুরস্কে অবস্থানরত মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। তবে এতে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি। যদিও নোকিয়ার পুরাতন জনবল ছাঁটাইয়ের কারণে ইউরোপে ব্যাপক প্রভাব পড়েছে।
যে ১ হাজার ৮৫০ জনকে ছাঁটায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের ১ হাজার ৩৫০ জনই ফিনল্যান্ডের। তবে ফিচার ফোন তৈরির সঙ্গে জড়িতদেরই ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোনের বিক্রি চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এক শতাংশ কম হয়েছে।
এ বিষয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, আমরা বিভিন্ন ধরনের ডিভাইস, স্মার্টফোন ও ক্লাউড ব্যবসা চালাতে চাই। আমরা শুধু উইন্ডোজ কেন্দ্রিক স্মার্টফোনের ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। তবে স্মার্টফোনের ব্যবসা বাড়ানোর সঙ্গে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি কীভাবে আসছে সে সম্পর্কে কিছু জানাননি নাদেলা।
অন্যদিকে এ বিষয়ে মাইক্রোসফটের একজন প্রতিনিধি বলেন, মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ব্যবসা চলমান থাকবে। কিন্তু মাইক্রোসফট আর কোনো স্মার্টফোন তৈরি করবে না।

Be the first to comment on "কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট"