নিউজ ডেস্ক : কানাডায় তাপমাত্রা শীতল থাকা ও বৃষ্টিপাত হওয়ায় তা দাবানল নিযন্ত্রণে আনতে সহায়ক হচ্ছে। সোমবার অনুকূল আবহাওয়ার কারণে দাবানলটি যে হারে ছড়িয়ে পড়ছিল তা স্তিমিত হয়েছে। ভয়াবহ এই দাবানলের কারণে একটি গোটা শহরের মানুষকে অন্যত্র সরানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আরো ভাল খবর আছে। যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে কম পরিমাণ স্থান পুড়ে গেছে।
আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরের উত্তরে যে ২৫ হাজার লোক আটকা পড়েছিল তাদের অবশিষ্টদের ধ্বংস হয়ে যাওয়া তেলসমৃদ্ধ নগরীটির মধ্যে দিয়েই গাড়ি বহরে করে নিরাপদেই সরিয়ে নেয়া হয়েছে। কর্মকর্তারা বলেন, তেল ক্ষেত্রগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। কোন স্থাপনাতেই সরাসরি আগুন ধরে যায়নি।
অ্যালবার্টার প্রধানমন্ত্রী র্যাচেল নোটলি ও অন্যান্য কর্মকর্তারা বলেন, বৃষ্টিপাত ও তাপমাত্রা শীতল থাকায় ফোর্ট ম্যাকমুরের চারপাশে কয়েকদিন ধরে জ্বলতে থাকা আগুন ‘অনেক অনেক মন্থর গতিতে’ অগ্রসর হচ্ছে। কর্তৃপক্ষ দাবানলটি সাসকাচেওয়ান প্রদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিল। তবে নোটলি বলেন, এখনো দাবানলটি সেখানে ছড়িয়ে পড়েনি।
দাবানলের পূর্ব পার্শ্বটি সাসকাচেওয়ান থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে রয়েছে। ২ হাজার বর্গ কিলোমিটারের কম অর্থাৎ প্রায় ১৬০০ বর্গকিলোমিটার এলাকা ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। দাবানলটি প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে ফোর্ট ম্যাকমুরে ও আশপাশের অঞ্চল ধ্বংস করেছে। দাবানলে শহরটির বাড়িঘর পুড়ে গেলে ১ লাখ জনসংখ্যা অধ্যুষিত শহরটির আতঙ্কিত বাসিন্দারা গত সপ্তাহে দলবেধে শহর ছেড়ে পালিয়ে যায়। কয়েকশ দমকল কর্মী কয়েকদিন ধরে আপ্রাণ চেষ্টা চালিয়েও দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বীকার করেন যে তাদেরকে সম্ভবত আগুনটি নিজে থেকেই নিভে যাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অ্যালবার্টার তেল সমৃদ্ধ অঞ্চলটি আঞ্চলিক অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগটিতে বিপুল পরিমাণ বনভূমি ও ঝোপঝাড় এবং নগরীটির পুরো এলাকাগুলো ছাইয়ে পরিণত হয়েছে। দমকল কর্মীরা টেলিফোন লাইন, বৈদ্যুতিক তার এবং গ্যাস ও পানির লাইনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষার দিকে মনোনিবেশ করেছে।
কানাডায় দাবানল নিয়ন্ত্রণে আবহাওয়া অনুকূলে

Be the first to comment on "কানাডায় দাবানল নিয়ন্ত্রণে আবহাওয়া অনুকূলে"