নিউজ ডেস্ক : পুলিশের পোশাকে মুখোশ পরে প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে জোরপূর্বক ঢুকে আমেরিকান রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানকে অস্ত্রের মুখে যারা জিম্মি করে দামি মালামাল লুট করেছে, প্যারিস পুলিশ তাদের হন্যে হয়ে এখন খুঁজছে। খবর বিবিসি ও রয়টার্সের। ডাকাতরা গত রোববার রাত তিনটায় প্রথমে কিমের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে। এরপর বাথরুমে নিয়ে তাকে বেঁধে রাখে। এরপর তারা ১ কোটি ইউরো (৮৭ লাখ পাউন্ড; ১ কোটি ১২ লাখ ডলার) মূল্যের স্বর্ণালঙ্কার লুট করেছে। এর মধ্যে ছিলো ৪০ লাখ ইউরো মূল্যের একটি আংটি। কিমের কাছ থেকে লুট করে নিয়ে যাওয়া একটি বাক্সে ৬০ লাখ ইউরো মূল্যের অলঙ্কার সামগ্রী ছিলো। খবর এপির।
প্যারিস পুলিশ এখন পাঁচজনের এই ডাকাতদলকে দিনরাত খুঁজছে। তাদের মধ্যে দুই জন কিমের ভাড়া করা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে রাত আড়াইটায়। বাইরে অপরাধী দলটির আরও তিন সদস্য ছিলো। সবাই পুলিশি-ঢঙের জ্যাকেট পরেছিলো বলে বিবিসি জানিয়েছে। কিম কোন কক্ষে থাকেন তা জানাতে বাড়িটিতে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীকে অস্ত্রের মুখে জোর করা হয়। ডাকাতরা প্রথমে প্রহরীকে হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখে। এরপর তারা ভেতরে গিয়ে লুট করে এসে বাইসাইকেল চালিয়ে পালিয়ে যায়। সোমবার দিনভর ভবনটি ঘিরে রেখেছিলো পুলিশ।
এদিকে ডাকাতির কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিরেছেন কিম কারদাশিয়ান ওয়েস্ট। তাকে মা ক্রিস জেনারের সঙ্গে দেখা গেছে। তিনিও প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গিয়েছিলেন। নিউইয়র্কে তাদের বাড়ির বাইরে কিমের স্বামী র্যাপার কানইয়ে ওয়েস্টও দাঁড়িয়ে ছিলেন। কিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হওয়ার ঘটনা শুনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিডৌস মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশনের মাঝপথে চলে যান কানইয়ে। ভক্তদের উদ্দেশে টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী এই তারকা বলেন, আমি দুঃখিত। জরুরি পারিবারিক কারণে আমাকে অনুষ্ঠানটি বন্ধ করে যেতে হচ্ছে।
কিমের মুখপাত্র ইনা ট্রেসিওকান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মনের ভেতর প্রাণ হারানোর ভীতি তৈরি হলেও শারীরিকভাবে তাকে কোনো আঘাত করেনি ডাকাতরা। কিম-কানইয়ে দম্পতির দুই সন্তান তিন বছরের কন্যা নর্থ ও দশ মাস বয়সী পুত্র সেইন্ট ডাকাতির সময় কিমের কাছে ছিলেন কি-না তা নিশ্চিত করতে পারেনি কেউ। দুই সন্তানের মা কিম কারদাশিয়ান কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস রিয়েলিটি সিরিজের সুবাদে ঘরে ঘরে পরিচিত। শুরুতে রিয়েলিটি তারকা প্যারিস হিলটনের স্টাইলিস্ট ও বান্ধবী হিসেবে পরিচিতি পান তিনি।

Be the first to comment on "কিমের ডাকাতদের খুঁজছে প্যারিস পুলিশ"