নিউজ ডেস্ক : কুর্দিরা ইরাকের কিরকুক নগরী থেকে কয়েকশ আরব পরিবারকে বের করে দিয়েছে। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে কুর্দিরা বেসামরিক মানুষের ওপর এই নির্মম আচরণ করেছে বলে ধারণা করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির তরফ থেকে এই অভিযোগ আনা হয়েছে।
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি আরও জানায়, ২১ অক্টোবর আইএস এর হামলা জোরদার হলে কুর্দি নিয়ন্ত্রিত এই নগরীর কর্তৃপক্ষ আরব বাসিন্দাদের কয়েকশ বাড়িঘর ধ্বংস করে ও বেসামরিক এই লোকদের নগরটি ছেড়ে যাবার নির্দেশ দেয়।
আনুমানিক ২৫০টি পরিবারের বাস্তুচ্যুত মানুষ তেল সমৃদ্ধ কিরকুক থেকে পলিয়ে ইরাকের অন্যান্য স্থানে চলে যায়। কিরকুক রাজধানী বাগদাদের ২৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
এছাড়াও কুর্দি পেশমের্গা ও আসায়েশ বাহিনীর সদস্যরা কাছের একটি গ্রামের আরও ১৯০টি পরিবারকে অন্যত্র চলে যেতে বলেছে।
মানবাধিকার সংগঠনটি জানায়, যাদেরকে জোরপূর্বক বাস্তুচ্যূত করা হয়েছে তাদেরকে নিজেদের জাতিগোষ্ঠীর মানুষের কাছে অথবা কোন শরণার্থী শিবিরে যেতে বলা হয়। আইএস যোদ্ধাদের সহায়তা করছে এই অভিযোগে তাদেরকে এই নির্দেশ দেয়া হয়েছে।
উভয়পক্ষের মধ্যে ৩ দিনের সংঘর্ষে ৪৬ জন প্রাণ হারায়। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
কিরকুক প্রদেশের গভর্নর নাজমেদ্দিন করিম বার্তা সংস্থা এএফপি’কে বলেন, অন্তত ৮১ আইএস জিহাদিকে হত্যা ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, কারিম হামলা শেষ হওয়ার ঘোষণা দেয়ার একদিন পর ২৫ অক্টোবর তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে।
কিরকুক থেকে কয়েকশ আরব পরিবারকে বের করে দিয়েছে কুর্দিরা

Be the first to comment on "কিরকুক থেকে কয়েকশ আরব পরিবারকে বের করে দিয়েছে কুর্দিরা"